domarnews24.com

আত্মসমর্পণ নয়, নতুন উন্নত অস্ত্রে ‘সংযমহীন’ জবাবের হুমকি ইরানের

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৭ Time View
ইরানের ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নতুন করা হামলার শুরু করলে তার জবাব হবে ব্যাপক ও কড়া। তারা প্রয়োজনে এমন অস্ত্র ব্যবহার করবে আগে কখনোই মোতায়েন করা হয়নি এবং পরীক্ষাও করা হয়নি। এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাশাপাশি দেশটি বলেছে, আলোচনার দরজা খোলা কিন্তু আত্মসমপর্ণের কোনো সুযোগ নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসন আবার চালানো হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে আরও বিস্তৃত হবে।’

এর আগে, ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ শান্তি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় বলেন, ‘শত্রুর প্রকাশ্য ও গোপন তৎপরতা’ দেখেই বোঝা যাচ্ছে, তারা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান এখনো আলোচনার জন্য উন্মুক্ত। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘তবে জোর-জবরদস্তির মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ধারণা নিছক বিভ্রম ছাড়া আর কিছু নয়।’

অপর দিকে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ইরান ইস্যুর শেষ পর্যায়ে আছি। দেখা যাক, কী হয়। হয় একটি চুক্তি হবে, নয়তো আমরা কিছুটা কঠোর পদক্ষেপ নেব। যদিও আশা করি সেটা লাগবে না।’ দিনের শুরুতে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আদর্শিকভাবে আমি চাই কম মানুষ মারা যাক, অনেকের বদলে। আমরা দুভাবেই এটা করতে পারি।’

একই দিনে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। আঙ্কারা জানায়, এরদোয়ান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছেন এবং ট্রাম্পকে বলেছেন, তিনি মনে করেন একটি ‘যৌক্তিক সমাধান’ সম্ভব।

এদিকে, রুশ সংবাদমাধ্যমকে এক ইরানি সামরিক সূত্র জানিয়েছে, তেহরানের কাছে এমন উন্নত অস্ত্র রয়েছে, যা এখনো মোতায়েন করা হয়নি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আরেক দফা হামলার মুখে ইরানের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ওই কর্মকর্তা রুশ বার্তা সংস্থা রিয়া নাভোস্তিকে বলেন, ‘আমরা দেশীয় প্রযুক্তিতে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং বাস্তবভাবে পরীক্ষাও করা হয়নি।’

ওই সূত্র আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়লে তা মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ‘সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশ রক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘এবার আমরা সংযত আচরণ করার ইচ্ছা রাখি না।’

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ এজেন্সি জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি নথির ভাষা নিয়ে ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছে। নূরের প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাইকে উদ্ধৃত করে বলা হয়, ‘‘ইরানের ১৪ দফা মূল প্রস্তাবনার ভিত্তিতে কয়েক দফা বার্তা বিনিময় হয়েছে।’ বাঘাই বলেন, ‘আমরা মার্কিন পক্ষের মতামত পেয়েছি এবং সেগুলো পর্যালোচনা করছি।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ইরান সফরের সময় এসব মন্তব্য করেন বাঘাই। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.