নীলফামারীর ডোমারে ইসলামীক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ডোমার ব্লু স্টার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ডোমার উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ১০০ নম্বরের এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষা—এই পাঁচটি বিষয়ের ওপর টানা দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামীক এডুকেশন সোসাইটির নীলফামারী জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা শাখার উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব ও ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ওয়াকিল হাসান এবং পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি কাজী সাদিক হাসনাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিভাবকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা ও মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। এ সময় তাঁরা ইসলামীক এডুকেশন সোসাইটির এমন উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরীক্ষায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানায়, এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পড়াশোনার চর্চা বাড়ছে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এবং পরীক্ষাভীতি দূর হচ্ছে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও বেশি শিক্ষার্থী এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।