সমাবেশে পাঁচ দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলাম লালবাগ জোনের সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানি। পাঁচ দাবির অন্যগুলো হলো শাপলা চত্বরের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা; আলেম-ওলামাদের বিরুদ্ধে করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এবং হেফাজত ঘোষিত ১৩ দফা দ্রুত বাস্তবায়ন করা।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেন, ‘ইমামত আমাদের ছিল, আমাদের কাছে আবার ফেরত আসবে। যারা মাঝখানে আছে (বর্তমান সরকার) আল্লাহওয়ালাদের সঙ্গে, দ্বীনদারদের সঙ্গে থাকলে তাদের জন্য ভালো হবে। ভালো খবর। তা যদি না হয়, আগে যা হয়েছে, তা–ই হবে। যে দুর্দশা আগে হয়েছে, কেয়ামতের আগপর্যন্ত এটাই হবে। হেফাজতে ইসলাম ছিল, আছে, ইনশা আল্লাহ থাকবে।’