নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাফিদ রহমান কাব্য (১৮) মারা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফিদ রহমান কাব্য ডোমার উপজেলার ডোমার পৌরসভার চিকনমাটি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পিতা-মাতার একমাত্র সন্তান কাব্য মাস্টারপাড়া এলাকায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন। ঘটনার দিন তিনি তার আরও ৭ জন সহপাঠীর সঙ্গে কলেজ মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে যান। ফেরার সময় হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে পাশের একটি ভবনে কর্মরত নির্মাণ শ্রমিকদের খবর দেন। পরে তারা এসে কাব্যকে অচেতন ও নিথর অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।