নীলফামারীর ডোমারে পারিবারিক কলহের জেরে সৈকত সাহা (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২৩ মে) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত সৈকত সাহা ইন্ডিপেন্ডেন্ট কিন্ডার গার্ডেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সে উপজেলার ডোমার পৌরসভার সাহাপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন সাহার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনা নিয়ে তার বাবা প্রায়ই তাকে চাপ দিতেন এবং বকাঝকা করতেন। এ নিয়ে বাবার ওপর অভিমান করে শনিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় সৈকত। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”