নীলফামারীর ডোমারে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে ডোমার বাঁশ গবেষণা কেন্দ্র হলরুমে এ কর্মশালার আয়োজন করে ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। কর্মশালায় স্থানীয় প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় মাটি পরীক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন বীজের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরা হয়।
মাহবুব বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মাহবুবার রহমান মিঠুর সভাপতিত্বেকর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের দিনাজপুর এর আরএসএম মো. মোফা খায়রুল ইসলাম এবং এএসও মো. আব্দুর রহিম।
শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।