নীলফামারী ডোমারে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদের এর বিরুদ্ধে ৪০ দিনের মাটিকাটা ইজিপিপি কর্মসূচীতে কাজ দেয়ার কথা বলে ২হাজার টাকা করে নেয়ার অভিযোগ করেছে ডোমার সদর ইউনিয়নের ২১জন ভুক্তভোগী।
ভুক্তভোগীদের অভিযোগ ২বছর আগে আমরা সরকারের ৪০ দিনের কর্মসূচীতে উপকারভোগী ছিলাম। মাটি কাটার প্রকল্পটি ২০২৪ সালে শেষ হয়। নতুন করে কাজ হবে বলে পুরাতন উপকার ভোগীদের ডেকে পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদের আমাদের ডেকে বলেন, কিছু খরচের জন্য যদি দুই হাজার টাকা করে দিতে পারেন তাহলে পুনরায় আপনারা কাজ করতে পারবেন। তার কথা মত আমরা তাকে দুই হাজার টাকা করে দেই। টাকা নেওয়ার পর থেকেই সে আজ কাজ হবে কাল কাজ হবে বলে টাল বাহানা শুরু করে। এভাবে সে দুই বছর থেকে কাজ দেবার নাম করে আমাদের ঘুরাচ্ছে। কিন্তু আমরা জানতে পেরেছি প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। তাই আমরা আমাদের টাকা ফেরত চাইতে তাকে আটক করি। আনজু নামে এক উক্তভোগী বলেন, দুই বছর আগে মাটিকাটা কাজ দেয়ার কথা বলে আমার কাছ থেকে ২হাজার টাকা নেয় আব্দুল কাদের। টাকা না দিলে কাজ বাতিল করে দেয়ার ভয় দেখিয়েছিলেন তিনি। বড়রাউতা ৭ নং ওয়ার্ডের অবিরাম বলেন, আমাদের কাদের বলেছে দুই হাজার টাকা না দিলে কাজ হবে। তাই আমি সুদের উপর তাকে দুই হাজার টাকা এনে দেই। এখন দুই বছর থেকে সে আমাকে ঘুরাচ্ছে। একই অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, টাকা না দিলে নাম কাটা হবে তাই আমরা তাকে টাকা দেই। এখন সে টাকাও দেয় না কাজও দিতে পারছে না।
টাকা নেয়ার অভিযোগ স্বিকার করে আব্দুল কাদের বলেন, কিছু খরচের জন্য টাকা নেওয়া হয়েছে। শুস্ক মৌসুমে কাজ শুরু হলে তারাই কাজ করবেন। কাজ না হলে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানান তিনি।
প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, টাকা নেওয়াটা তার ঠিক হয়নি। টাকা নিয়ে থাকলে তাকে টাকা ফেরত দিতে হবে।
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, টাকা দেয়া বা নেয়া দুইটাই অপরাধ। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।