লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, ‘আমাদের (বিএনপির) নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, সরকার গঠন করা হলে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যাঁরা রয়েছেন এবং সরকারি ক্ষেত্রে আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যাঁরা হতদরিদ্র, যাঁরা গরিব–অসহায়, তাঁদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণ মওকুফ করা, যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, সেখানে অসহায় ও দরিদ্র মানুষেরা কাজ করতেছে। জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের আলোকে আমরা এগিয়ে যাচ্ছি।’