নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন, উপজেলার ছোট রাউতা দাসপাড়া গ্রামের জিতেন দাসের ছেলে সুজন দাস (৩০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন সুজন দাস। পরে দুপুরের দিকে তার স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সুজন দাসকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ঋণের বোঝা ও মানসিক হতাশার কারণে সুজন দাস আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”