নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্র নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
২০২৫-২০২৬ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার ১৯ জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন এবং ২১ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা পরিষদ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেলাই মেশিন পেয়ে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল আরও সহজ হবে।
উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
