পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ধর্মীয় স্বাধীনতা হরণ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৫ মে) বাদ আসর ডোমার বাটার মোড়-এ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মঞ্জুর।
এসময় বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন আল আনছারী এবং ডোমার উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শাহিনুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন যুব জমিয়ত ডোমার উপজেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র জমিয়ত নীলফামারী জেলার সভাপতি রাজু রুহানী, যুব জমিয়ত ডোমার উপজেলা শাখার সদস্য সচিব হাবিবুর রহমান, ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার সভাপতি সফিয়ার রহমান ও ডিমলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তারা এসব ঘটনার দ্রুত অবসান এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল ডোমার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা মুসলিম উম্মাহর ওপর নির্যাতন এবং দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।