domarnews24.com

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮০ Time View

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি।

বাবর আলীর এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স বিষয়টি নিশ্চিত করেছে।

ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে বলা হয়েছে, প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ এ বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া। এরই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান। আর বাবর নিজেকে নিয়ে গেল আরেকটু উচ্চতায়! পৃথিবীর চৌদ্দটি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

তবে কাজ এখনো মাত্র অর্ধেক সমাপ্ত জানিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স বলেছে, বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। তাই চলুক প্রার্থনা…।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা কালো পাহাড় নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।

২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় বাবর আলী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন।

ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২ হাজার ৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ৩১ ফুট) ও লোৎসে (২৭ হাজার ৯৪০ ফুট) আরোহণ করেন।

২০২৫ সালের এপ্রিলে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট) জয় করেন। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু (২৬ হাজার ৭৮১ ফুট) আরোহণ করেন, যা কোনো বাংলাদেশির জন্য বিরল অর্জন।ভার্টিক্যাল ড্রিমার্সের এই অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Domar News 24
Design & Development By HosterCube Ltd.